স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মবের শাসনের পরিবর্তে আইনের শাসনে ফিরে যেতে হবে। নির্বাচিত সরকার কোনোভাবেই মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারে না। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গণতান্ত্রিক আইনজীবী সংহতি আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ও বিচার বিভাগের কাক্সিক্ষত সংস্কার’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক বিরোধীদের দমনে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সে সময় রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিচার বিভাগের সচিবালয় গুটিয়ে ফেলার উদ্যোগ ভালো বার্তা দিচ্ছে না। এতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তিনি আরও বলেন, বার কাউন্সিলের নির্বাচন একতরফাভাবে পরিচালিত হওয়ার অভিযোগও পুরোনো পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে।
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট অনুরুদ্ধ সরকার, অ্যাডভোকেট পিয়াস মজুমদার ও মীর রেজাউল আলম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন