পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তান আবারও রাজনৈতিক ও নিরাপত্তাসংকটের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সাম্প্রতিক সংঘাত, বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এবং স্বাধীনতার দাবিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতাই নয়, দেশটিতে বিদেশি বিনিয়োগ ও আঞ্চলিক ভূরাজনীতিও নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বেলুচিস্তান পাকিস্তানের মোট ভূখ-ের প্রায় অর্ধেকজুড়ে বিস্তৃত এবং তেল, গ্যাস, স্বর্ণ, তামা, কয়লাসহ বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের একটি অংশ সম্পদের ন্যায্য হিস্যা, রাজনৈতিক অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে আসছে। এই অসন্তোষকে কেন্দ্র করে কয়েক দশক ধরে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সশস্ত্র সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেলুচিস্তানের স্বাধীনতার দাবি এবং নতুন রাষ্ট্র ঘোষণার খবর ছড়িয়ে পড়লেও এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাকিস্তান সরকারও এমন দাবিকে প্রত্যাখ্যান করে বেলুচিস্তানকে দেশের অবিচ্ছেদ্য অংশ বলে পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে, বেলুচিস্তানের অস্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে চীনের বিশাল অর্থনৈতিক করিডর প্রকল্প এবং গাদার সমুদ্রবন্দরকে ঘিরে গড়ে ওঠা অবকাঠামোর ওপর। একই সঙ্গে খনিজ সম্পদ উত্তোলনে বিদেশি বিনিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে প্রাণহানির ঘটনাও বেড়েছে। এর জেরে পাকিস্তান ওই অঞ্চলে সামরিক অভিযান জোরদার করেছে। মানবাধিকার সংগঠনগুলো বেসামরিক মানুষের নিরাপত্তা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, বেলুচিস্তান সংকটের স্থায়ী সমাধান শুধু সামরিক পদক্ষেপে সম্ভব নয়। সম্পদের ন্যায্য বণ্টন, রাজনৈতিক অংশগ্রহণ, স্থানীয় জনগণের আস্থা অর্জন এবং দীর্ঘদিনের বঞ্চনার কার্যকর সমাধানই এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। অন্যথায় এই সংকট পাকিস্তানের অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক কূটনীতির জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে।

