পেরুর আন্দিজ অঞ্চলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি এবং প্রায় ৩০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে হুয়ানকায়ো প্রদেশের সিকায়া শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে বহু বাড়িঘর ধসে পড়েছে এবং বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে একটি গির্জা ও একটি ধর্মীয় আশ্রমও রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো নিখোঁজ ব্যক্তিদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন।
স্থানীয় কর্মকর্তাদের মতে, কাঁচা মাটির নির্মাণসামগ্রী দিয়ে তৈরি ভবনের আধিক্যের কারণে ক্ষয়ক্ষতি আরও বেড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বহু মানুষ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে গবাদি পশুও আটকা পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থানের কারণে পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের প্রাণহানি ঘটেছিল।

