ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে আগামী ২৭ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণার পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে প্রাণহানি ও মানবিক সংকটের আশঙ্কা বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ১৩ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশু ও আট নারী রয়েছেন। সংস্থাটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন, যুদ্ধাপরাধ এবং সম্ভাব্য নৃশংসতার আশঙ্কা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অধিকৃত পশ্চিম তীরের দেইর জারির গ্রামে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হলে স্থানীয় বাসিন্দারা তাদের মরদেহ নিয়ে শোক মিছিল করেন। এদিকে পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার আগে ইসরায়েলি সরকার দ্রুত বিভিন্ন আইন পাসের উদ্যোগ নেয়। একই সঙ্গে নতুন করে জমি দখল ও ঘরবাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচন সামনে রেখে আগামী কয়েক মাসে ফিলিস্তিনিদের ওপর দখলদারিত্ব ও সহিংসতা আরও তীব্র হতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন