গাজা সিটিতে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) এক ভিডিও বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই হামাসের কোনো সিনিয়র নেতার প্রথম প্রাণহানির ঘটনা। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার জানায়, গাজা সিটির কাছে চালানো এক লক্ষ্যভিত্তিক হামলায় রায়েদ সাদ নিহত হন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রায়েদ সাদ ছিলেন কি নাÑ তা শুরুতে নিশ্চিত করা হয়নি। পরে হামাস তার মৃত্যু নিশ্চিত করে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, রায়েদ সাদ হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান ছিলেন এবং সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তাকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবেও উল্লেখ করেছে ইসরায়েল। হামাস-ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তিনি সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে নাবুলসি মোড়ে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। ওই হামলাতেই হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৮৬ জন নিহত হয়েছেন।

