চাঁদের দেশের বুড়ি
আব্দুল কাদের
চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি,
নীল আকাশে থাকো,
কেমন করে যাব সেথায়?
নেই তো কোনো সাঁকো।
নেই যে পাখি, নেই যে লতা
নেইকো সবুজ ঘাস,
নক্ষত্রদের মেলায় কেন
করছ তুমি বাস?
চরকা নিয়ে ঘুরছ বুঝি
রুপার সুতো কাটো?
তারার মাঠের ধুলো মেখে
সারাটি রাত হাঁটো?
ডাকছি তোমায় কত করে
দাও না কেন সাড়া?
মেঘ সরিয়ে একটি বারও
দাও না কেন ধরা।
আমি যদি মেঘ হতাম
কিংবা হতাম ঘুড়ি,
পৌঁছে যেতাম তোমার কাছে
ওগো চাঁদের বুড়ি!

