ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি : সংগৃহীত

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান  হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতিবছর বিশ্বের পাসপোর্ট সূচক প্রকাশ করে, যা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পাসপোর্টের সক্ষমতা ও ভ্রমণ স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট সূচকে ৯৬তম অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

এই সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসা সুবিধা। বাংলাদেশি নাগরিকদের জন্য এশিয়ার মধ্যে- ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও তিমুর-লেস্তে ভ্রমণের সুযোগ রয়েছে।

ক্যারিবিয়ান অঞ্চলের মধ্যে- বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

আফ্রিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে- বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরোস দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন এবং গাম্বিয়ায় ভ্রমণের সুবিধা রয়েছে। এছাড়া ওশেনিয়া অঞ্চলের কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভালু এবং ভানুয়াতুতেও বাংলাদেশি নাগরিকরা নির্দিষ্ট শর্তে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধা পেয়ে থাকেন।

তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসা নীতিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। তাই ভ্রমণ পরিকল্পনার আগে অবশ্যই সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট অথবা দূতাবাস থেকে সর্বশেষ ভিসা-সংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়া জরুরি।