ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৬:১৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার (২০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন।

তিনি ধাপে ধাপে সারাদেশে এ কার্যক্রম বিস্তারের লক্ষ্যে প্রয়োজনীয় সময়সূচি ও বাস্তবায়ন কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রকৃত অভাবগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ফ্যামিলি কার্ডের সুফল সরাসরি পান, তা নিশ্চিত করতে একটি নির্ভুল ও সর্বজনগ্রহণযোগ্য তথ্যভাণ্ডার তৈরি করতে হবে।

বৈঠকে কর্মসূচিটিকে একটি কার্যকর সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এ বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সূত্র : বাসস