ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

জুলাই থেকে সরকারি সব রাজস্ব জমা শুধু ‘এ-চালানে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:০৫ এএম

আগামী ১ জুলাই থেকে সব ধরনের সরকারি রাজস্ব ও প্রাপ্তি জমার ক্ষেত্রে ‘এ-চালান’ (স্বয়ংক্রিয় চালান পদ্ধতি) বাধ্যতামূলক করেছে সরকার। এর মাধ্যমে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে সনাতন বা ম্যানুয়াল চালানব্যবস্থা। সরকারি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার অর্থ বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানা যায়।

নির্দেশনায় বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা কিংবা অধীন দপ্তর এ-চালানের বাইরে অন্য কোনো মাধ্যমে সরকারি রাজস্ব বা প্রাপ্তি সংগ্রহ ও জমা দিতে পারবে না। বর্তমানে সরকারি অর্থ সংগ্রহে ব্যবহৃত পৃথক কোনো ব্যবস্থা থাকলে তা-ও অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন হিসাবে সংরক্ষিত সরকারি অর্থ আজ ৩০ জুনের মধ্যে সরকারের ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) স্থানান্তরের তাগিদ দেওয়া হয়েছে। অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি অর্থ তাৎক্ষণিক রাষ্ট্রীয় কোষাগারে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনাকে ব্যয়সাশ্রয়ী করা এবং ভুয়া চালান তৈরির ঝুঁকি নির্মূল করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।