রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর করে দশ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আর পৃথক দুই মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছর করে চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
প্লট বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতি মামলার রায়ে আদালত বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, তার মা, ভাই ও বোনের প্লট বরাদ্দে অনৈতিক প্রভাব খাটিয়েছেন। প্লট পেতে তিনি বিদেশ থেকে শেখ হাসিনাকে বারবার ফোন দিয়ে প্ররোচিতও করেন।
শেখ হাসিনা-টিউলিপের মামলার বিবরণে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।
ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আদালতে ২৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
শেখ হাসিনা-টিউলিপের আরেক মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া। মামলার বিচার চলাকালে ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
মামলার রায়ে বলা হয়েছে, মামলায় সাক্ষীদের জবানবন্দি, তদন্ত প্রতিবেদন ও মামলায় জব্দ করা বিভিন্ন দলিলপত্র অনুযায়ী স্পষ্ট প্রমাণিত হয়েছে যে, টিউলিপ সিদ্দিক অনৈতিক প্রভাব খাটিয়ে তার মা, ভাই ও বোনের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়েছেন।
আদালত রায়ে আরও বলেন, টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে মা, ভাই ও বোনের নামে প্লট বরাদ্দ দিতে প্রভাবিত করেছেন। তিনি বিদেশ থেকে বারবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও তার একান্ত সচিব সালাহ উদ্দিনকে ফোন করে প্লট বরাদ্দ দিতে প্ররোচিত করেন। এ ছাড়া দেশে এসেও তিনি সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করে প্লট বরাদ্দ দিতে চাপ সৃষ্টি করেন। মা-ভাই-বোন রাজউকের প্লট বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও তিনি কর্তৃপক্ষকে প্লট বরাদ্দ দিতে প্রভাবিত করায় ফৌজদারি অপরাধ করেছেন বলে প্রমাণিত হয়।
অনৈতিকভাবে সরকারি সম্পদ বরাদ্দ নিয়ে দখলে নেওয়ায় প্ররোচিত করার কারণে টিউলিপ সিদ্দিক দ-বিধির ১০৯ ধারায় সাবেক প্রধানমন্ত্রী ও তার একান্ত সচিবকে প্ররোচিত করায় তাকে সাজা দেওয়া হয়েছে বলে আদালত রায়ে বলেছেন। তিনটি মামলায় নিজের নামে প্লট বরাদ্দ না নিয়েও মা, ভাই ও বোনের নামে নেওয়ায় সাজা পেয়েছেন টিউলিপ।
উল্লেখ্য, দুই মামলায় শেখ হাসিনাকে ১০ বছর, এক মামলায় আজমিনাকে সাত বছর ও এক মামলায় রাদওয়ানকে সাত বছর কারাদ- দেওয়া হয়। দুই মামলায় রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাকে এবং সাবেক গণপূর্ত মন্ত্রীকেও সাজা দেওয়া হয়।

