ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন খামেনি হত্যাকাণ্ড

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:৪১ এএম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হত্যার ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এ ধরনের হত্যাকা- ‘আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ শোক প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলায় হত্যা করা হয়েছে জেনে সরকার দুঃখিত, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাত কোনো সমাধান বয়ে আনে না। শুধু সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।’

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর গত রোববার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরানে গত শনিবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। অন্যদিকে, ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে বলেও জানিয়েছে দেশটি।