× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১২:৫৯ এএম

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীর জয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১২:৫৯ এএম

বগুড়া-৬ ও শেরপুর-৩  আসনে বিপুল ভোটে  বিএনপি প্রার্থীর জয়

জাতীয় সংসদের বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তা তাদের বিজয়ী ঘোষণা করেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দুই আসনের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তিনি বলেন, নির্বাচন বলতে সারা বিশ্বব্যাপী যা বোঝায় বা আন্তর্জাতিক মানদ-ে যা বোঝায়, আমরা তেমন নির্বাচনই দেখিয়েছি।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯। ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৬৯৬টি।

ভোটগ্রহণ শেষে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে মোট ১২৮টি কেন্দ্রের ফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

এর আগে ভোট চলাকালে বিকেল ৩টার দিকে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শেরপুর-৩ আসনের নির্বাচনে ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে এ আসনেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়।

এই দুই আসনের নির্বাচন নিয়ে এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সমন্বয় সেলে ভোটগ্রহণ মনিটর করা শেষে সাংবাদিকদের সিইসি বলেন, আমরা কন্ট্রোল রুম ভিজিট করলাম। আসন দুইটিতে ড্রোন থেকে শুরু করে সবকিছু ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটি মনিটর করছি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এই নির্বাচনও যাতে অন্তত তার চেয়ে ভালো হয়, আমরা সেদিকে জোর দিয়েছি। সুন্দর ও স্মুথ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শেরপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, শেরপুর বর্ডারিং এলাকা। সেখানে আর্মিকে সীমান্ত থেকে কিছুটা দূরে থাকতে হয়। এ জন্য আমরা সেখানে বিজিবি মোতায়েন বাড়িয়েছি। বিজিবিকে আমরা ইফেক্টিভলি ইউজ করছি। পাশাপাশি র‌্যাব, আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

ভোটের সার্বিক পরিস্থিতি জানিয়ে সিইসি বলেন, সকাল সাড়ে ৭টায় আমি প্রথম রিপোর্ট পাই। পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক ছিল। মানুষ নির্বিঘেœ আসছে এবং ভোট দিয়েছে। সাধারণত উপনির্বাচনে ভোটার টার্ন আউট কম হওয়ার একটি প্রবণতা থাকে, তবুও দেখা যাক কী হয়।

চট্টগ্রামের দুটি আসনের ফল নিয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, এটি আদালতের সাব-জুডিস ম্যাটার (বিচারাধীন)। আদালত যখন যে সিদ্ধান্ত দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। একইভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ সদস্যের বক্তব্য ও এ-সংক্রান্ত মামলা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো আজকের ভোটের সঙ্গে প্রাসঙ্গিক নয়। এ ছাড়া বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তাই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিগত সরকারের আমলের চিঠি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, এ বিষয়ে বর্তমান সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। তিনি বলেন, আইন-কানুন ও নতুন অধ্যাদেশ পাসের বিষয় রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সরকারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

রূপালী বাংলাদেশ

Link copied!