ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০১:০২ এএম

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শিশুটির মা-বাবা চাকরি করেন। সেই সুযোগে এক যুবক শিশুটিকে ধর্ষণ করে। বিকেলের দিকে একটি ভবনের সিঁড়িতে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত মনিরকে আটক করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানান এবং এলাকায় বহু মানুষের সমাগম ঘটে।

স্থানীয়রা আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযুক্তকে একটি ভবনে অবরুদ্ধ রাখা হয়েছিল। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।

ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, ‘আমাদের মা-বোনদের নিরাপত্তা কোথায়? আমরা ধর্ষণকারীর তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি শান্ত করে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।’