ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী বললেন

ফ্যাসিবাদী শাসনে ধ্বংস শিক্ষাব্যবস্থা, এবার ঘুরে দাঁড়ানোর পালা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৪:৫৪ এএম

বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। একইসঙ্গে প্রথাগত সার্টিফিকেটনির্ভর শিক্ষার পরিবর্তে দেশে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

গতকাল রোববার সকালে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে সম্মান জানাতে হবে। আর এই সম্মান জানাতে হলে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। তরুণদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা আয়ত্ত করতে পারলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

তারেক রহমান বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ সৃষ্টি করা, যেখানে শিক্ষা, গবেষণা, যোগ্যতা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই।

একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে শিক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে নিজেদের আরও প্রস্তুত করতে হবে। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ২ হাজারের বেশি অধিভুক্ত কলেজে ৪০ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সংকট নিরসন এবং সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, দেশের আধুনিক, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এই সভায় সংসদ নেতা হিসেবে সভাপতিত্ব করেন তিনি। সভায় জাতীয় সংসদের চলমান অধিবেশনের মেয়াদ, আইন প্রণয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলি নিয়ে আলোচনা হয়।