রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ নূর ইসলাম (৫৫) নামে বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। নূর ইসলামের গ্রামের বাড়ি ভোলার লালমোহনের মহিশখালী এলাকায়। তিনি ওই এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডের ৩১ নম্বর ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকেন।
নূর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া তার ভাতিজা ইয়াসিন জানান, মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে অবস্থিত বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন নূর ইসলাম। দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়। খবর পেয়ে নূর ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে বিএনপির এক নেতা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

