ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

২৭ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:২৮ এএম

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরছে পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত এই রিমেকে জুটি বেঁধেছেন নবীন অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।

এই সিনেমার গল্পে দেখা যাবে দীপা, একজন শিক্ষিত বেকার নারী। ব্রাহ্মণবাড়িয়াতে তার বোন এবং দুলাভাইয়ের সঙ্গে থাকে। চাকরির সন্ধানে দীপা ঢাকায় তার বান্ধবী সামিনার বাসায় উঠে। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরেও কোন চাকরি না পেয়ে সে ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরে যাওয়ার সময় ট্রেনে তার ব্যাগ চুরি হয়।

এদিকে, অঞ্জন নামের এক যুবক ট্রেনে শ্রীমঙ্গল যাচ্ছিল চাকরির পোস্টিং নিয়ে। ঐ ট্রেনেই ফেলে যাওয়া দীপার ব্যাগটি অঞ্জন পায়। অনাথ অঞ্জনের শখ-লোকের নাম, জন্মদিন, ঠিকানা সংগ্রহ করে তাদেরকে জন্মদিনের কার্ড পাঠানো। অঞ্জন ট্রেনে খুঁজে পাওয়া ব্যাগটি দীপার ঠিকানায় ফেরত পাঠায়। দীপা ব্যাগটি পেয়ে খুশি হয়, ধন্যবাদ জানিয়ে চিঠি দেয়। এভাবেই তাদের মধ্যে চিঠির আদান প্রদান চলতে থাকে। একসময় তারা কেউ কাউকে না দেখেই একে অপরের প্রেমে পড়ে যায়। এরপর গল্প এগিয়ে যেতে থাকে।

নতুন সিনেমাটি প্রসঙ্গে পরিচালক কামরুজ্জামান বলেন, ‘এমন একটি ক্লাসিক সিনেমা রিমেক করা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের প্রেক্ষাপট ও দর্শকদের রুচির কথা মাথায় রেখে অত্যন্ত যতœ সহকারে কাজটি করা হয়েছে। মূল গল্পের নির্যাস বজায় রেখে আধুনিক নির্মাণশৈলীর মিশেলে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। আশা করছি, এটি দর্শকদের আবারও মুগ্ধ করবে।’

‘হঠাৎ বৃষ্টি’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমাগুলোর একটি। মূল সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। আর নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। নব্বই দশকের কালজয়ী সিনেমার রিমেক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এবং দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়া কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। বাসু চ্যাটার্জি পরিচালিত মূল সিনেমাতে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী।