নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. শরিফ হোসেন (৩৯) নামের এক বাসচালককে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাঁচপুর খাঁন পাম্পের সামনে এ অভিযান চালানো হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। গ্রেপ্তারকৃত শরিফ হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন আল মিজান’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে লুকানো ১০টি প্যাকেটে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, মাদকের চালানসহ চালক ও বাসটি জব্দ করা হয়েছে।

