ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

সেতুর উদ্বোধন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:২৫ এএম

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে নবনির্মিত তিনটি সেতু মানুষের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে সেতু তিনটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। সেতুগুলোর মধ্যে নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়ার শান্তি মোড় মধ্যপাড়া খালে, তরফদারপাড়া থেকে আড়াপাড়ায় রাস্তায় এবং দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর নির্মিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সেতু তিনটি নির্মাণে মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয় হয়েছে। সেতুগুলো চালু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।