ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

না.গঞ্জের আড়াইহাজারে চিকিৎসককে পেটালেন বিএনপি নেতার ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৫:৫১ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ও তার সঙ্গে থাকা কয়েকজনের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল জরুরি বিভাগ ছাড়া হাসপাতালটির সব ধরনের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চিকিৎসকেরা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, চামুরকান্দি এলাকার ফিরোজা বেগম পেট ব্যথার চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসেন। দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আব্দুল্লাহ আল কামাল প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর স্বামী বিল্লাল হোসেনকে একটি ইনজেকশন বাইরে থেকে কিনে আনতে বলেন। পরে বিল্লাল হোসেন ইনজেকশন কিনে এনে সেটি প্রয়োগ করার অনুরোধ করেন। সে সময় জরুরি বিভাগে অন্য এক গুরুতর রোগীর চিকিৎসা দিচ্ছিলেন আব্দুল্লাহ আল কামাল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বিল্লাল হোসেন ও তার সঙ্গে থাকা কয়েকজন আব্দুল্লাহ আল কামালের ওপর হামলা চালিয়ে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী চিকিৎসক ও আনসার সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার প্রতিবাদে চিকিৎসকেরা জরুরি বিভাগ চালু রেখে হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন ভোগান্তিতে।

খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান ও আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে অবহিত করা হয়েছে। তিনি টেলিফোনে প্রশাসনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।