ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শিগগির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:৫৯ এএম

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে শিগগির ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার অনানুষ্ঠানিক বৈঠক করেছে নির্বাচন কমিশন, তাতে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি দিক পর্যালোচনা করা হয়। রাষ্ট্রপতি ভোটের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা তো প্রস্তুতি শুরু করছি। প্রথা অনুযায়ী এখন স্পিকারের (ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল) সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। ইসি সচিবালয় দু-একদিনের মধ্যে চিঠি দিয়ে সাক্ষাতের সূচি চাইবে। ভারপ্রাপ্ত স্পিকার যখন সময় দেবেন, তখনই এই বৈঠক হবে।’

গুরুতর অসুস্থতার কথা জানিয়ে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আর সে-পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ইতোমধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা বা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এরপর সার্বিক বিষয় পর্যালোচনা করে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

জাতীয় সংসদের আগামী অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সংসদের বাজেট অধিবেশন ১৫ জুলাই শেষ হওয়ার কথা জানিয়ে শনিবার তিনি বলেন, ‘সংবিধানের ১২৩-এর (২) অনুচ্ছেদ অনুসারে পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে; আশা করি, সেই অধিবেশনে এটা করা সম্ভব হবে।’