ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পার্ঘ্য

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:০৯ এএম

সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেয় তিন বাহিনীর একটি চৌকস দল। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে সই করে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

পরিদর্শন বইয়ের মন্তব্যে হাফিজ উদ্দিন আহমদ লেখেন, ‘জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আমি স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’ তিনি আরও লেখেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং আমাদের মহান শহিদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবÑ এ প্রত্যাশা ব্যক্ত করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের বীর শহিদদের রুহের মাগফিরাত দান করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন।’

এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বেলা ১১টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে এসে পৌঁছান এবং তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তার সঙ্গে কুশলা বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। গত শুক্রবার ‘শারীরিক ও মানসিক’ সামর্থ্য না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে সংবিধান মেনে রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পার্ঘ্য: জাতীয় স্মৃতি সৌধ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আসেন ঢাকার শেরে বাংলা নগরে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে শরিক হন।