বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নকআউট পর্বের বাঁশি বেজে গেছে। গ্রুপ পর্বের হিসাব-নিকাশ, ভুলত্রুটি শুধরে নেওয়ার সুযোগ পেছনে ফেলে দলগুলো মুখোমুখি হবে নির্মম সত্যের। জিতলে টিকে থাকা, হারলে বিদায়। রাউন্ড অব ৩২-এর এমনই এক ম্যাচে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল এবং এশিয়ার সূর্যোদয়ের দেশ জাপান। একদিকে ফুটবলের নান্দনিকতা ও জোগো বোনিতোর ধারক লাতিন আমেরিকান সাম্বা, অন্যদিকে নিয়মানুবর্তিতা, গতি ও নিখুঁত পরিকল্পনার মূর্ত প্রতীক ব্লু সামুরাইরা। মাঠের এই দ্বৈরথ দুটি ভিন্ন ফুটবলীয় দর্শন ও সংস্কৃতির অনবদ্য সংঘাত।
ঐতিহ্য ও উদীয়মান শক্তি
ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক ফুটবলের মানচিত্রে ব্রাজিল ও জাপানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল প্রতি টুর্নামেন্টেই মাঠে নামে ট্রফি জয়ের ফেভারিট হিসেবে। তাদের হলুদ জার্সির পেছনে রয়েছে বিশাল গৌরবোজ্জ্বল ইতিহাস। অন্যদিকে, জাপান গত কয়েক দশকে বিশ্ব ফুটবলে নিজেদের সমীহ জাগানিয়া শক্তিতে রূপান্তরিত করেছে। পরাশক্তিদের চোখ রাঙিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া জাপানিদের জন্য এখন আর কোনো চমক নয়, বরং তাদের ধারাবাহিক উন্নতিরই ফসল। অতীতের পরিসংখ্যান হয়তো সেলেসাওদের পক্ষে কথা বলবে, কিন্তু আধুনিক ফুটবলের গতিপ্রকৃতি বলে যে, বর্তমান
জাপান যেকোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। ফলে ঐতিহ্যের অহংকার বনাম নতুন ইতিহাস গড়ার ক্ষুধার এই লড়াইয়ে কোনো পক্ষকেই আগেভাগে জয়ী ঘোষণা করার উপায় নেই।
আক্রমণ ও প্রতিরক্ষা
মাঠের লড়াইয়ে আজ মূল আকর্ষণ হবে ব্রাজিলের আক্রমণভাগের সঙ্গে জাপানের রক্ষণাত্মক শৃঙ্খলার দ্বৈরথ। ব্রাজিলিয়ানরা স্বভাবজাতভাবেই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। উইং দিয়ে গতিময় ড্রিবলিং, বক্সে ছোট ছোট পাসের শৈল্পিক বুনন এবং হুট করে দূরপাল্লার শটে প্রতিপক্ষকে কুপোকাত করা ব্রাজিলের মূল শক্তির জায়গা। তবে জাপানের ট্যাকটিক্যাল ব্লু-প্রিন্ট এই সাম্বা ছন্দকে থামানোর জন্য যথেষ্ট পরিপক্ব।
জাপানি কোচ সাধারণত মাঠের পজিশন বিন্যাসে ভীষণ কঠোর। তারা প্রতিপক্ষকে ফাঁকা জায়গা দিতে নারাজ। জাপানের রক্ষণভাগ কেবল শারীরিক শক্তিতে নয়, বরং পজিশনিং ও ট্যাকল করার টাইমিংয়ে অত্যন্ত নিখুঁত। ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড়দের বোতলবন্দি করতে তারা হয়তো আজ মাঝমাঠ ও রক্ষণভাগের দূরত্ব কমিয়ে এনে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলবে।
মাঝ মাঠের দখল
যেকোনো বড় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় মাঝ মাঠের নিয়ন্ত্রণ কার হাতে থাকছে তার ওপর। আজ রাতেও এর ব্যতিক্রম হবে না। ব্রাজিলের মাঝ মাঠে রয়েছে সৃজনশীলতা ও অভিজ্ঞতার দারুণ মিশ্রণ। তারা বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার গতি নিয়ন্ত্রণ করতে ওস্তাদ। ডিফেন্সিভ মিডফিল্ডারদের ওপর দায়িত্ব থাকবে জাপানের প্রতি-আক্রমণের গতি শুরুতেই স্তব্ধ করে দেওয়া।
বিপরীতে, জাপানের মাঝ মাঠের মূল বৈশিষ্ট্য হলোÑ তাদের ক্লান্তিহীন দৌড় এবং ক্ষিপ্রতা। হাই-প্রেসিং ফুটবলে তারা প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করে এবং ভুল করতে বাধ্য করে। ট্রানজিশন পিরিয়ডে অর্থাৎ বল কেড়ে নেওয়ার পর মুহূর্তের মধ্যে রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার জাপানি কৌশল বিশ্বমানের। মাঝ মাঠের এই আধিপত্য বিস্তারের লড়াইয়ে যে দল ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবে, ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই চলে যাবে।
কাউন্টার অ্যাটাকের ধার
জাপানের বর্তমান প্রজন্মের ফুটবলাররা ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলছেন, যার ফলে তাদের খেলার ধরনে আধুনিক ফুটবলের গতি ও তীক্ষèতা স্পষ্ট। ব্রাজিল যদি অতিমাত্রায় আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তাদের ডিফেন্স লাইনকে ওপরে তুলে আনে, তবে জাপান কাউন্টার অ্যাটাকের মরণকামড় দিতে পারে।
উইং দিয়ে জাপানি ফরোয়ার্ডদের ক্ষিপ্র
গতি ব্রাজিলের ফুল-ব্যাকদের জন্য বড় পরীক্ষা হবে। অন্যদিকে, ব্রাজিল দলের কাউন্টার অ্যাটাকও সমান বিপজ্জনক। বিশেষ করে প্রতিপক্ষের কর্নার বা ফ্রি-কিক প্রতিহত করার পর ব্রাজিলের ফরোয়ার্ডরা যেভাবে চোখের পলকে প্রতিপক্ষের বক্সে পৌঁছে যান,
তা ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন। ফলে আজ রাতে কাউন্টার অ্যাটাকের কার্যকারিতা ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
বেঞ্চের গভীরতা
নকআউট পর্বের ম্যাচগুলো অনেক সময় ৯০ মিনিটে শেষ হয় না; অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ায়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে প্রয়োজন শক্তিশালী বেঞ্চ এবং কোচের দূরদর্শিতা। ব্রাজিলের সাইড বেঞ্চ এতটাই সমৃদ্ধ যে, মূল একাদশের বিকল্প হিসেবে যারা মাঠে নামেন, তারাও সমভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। কোচের জন্য এই গভীরতা যেমন স্বস্তির, তেমনি সঠিক সময়ে সঠিক পরিবর্তন আনাটাও বড় চ্যালেঞ্জ।অন্যদিকে, জাপানি ডাগআউটের মস্তিস্ক অত্যন্ত বাস্তববাদী। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে ম্যাচের মাঝপথে কৌশল পরিবর্তনের ক্ষেত্রে জাপানি কোচের জুড়ি নেই। দ্বিতীয়ার্ধে ফ্রেশ লেগ বা তাজা খেলোয়াড় নামিয়ে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে অ্যানালাইজ করার ক্ষমতা জাপানকে বাড়তি সুবিধা দেবে।
মনস্তাত্ত্বিক চাপ
কৌশল ও শারীরিক সক্ষমতার বাইরেও নকআউট ম্যাচ মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। পাঁচবারের চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলের ওপর সবসময়ই বিশাল প্রত্যাশার চাপ থাকে। এই চাপ কখনো কখনো তাদের স্বাভাবিক খেলায় নেতিবাচক প্রভাব ফেলে।
অন্যদিকে, জাপান আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও তাদের হারানোর কিছু নেই, বরং পাওয়ার আছে অনেক কিছু। এই মানসিক নির্ভারতা জাপানকে সাহসের সঙ্গে খেলতে সাহায্য করবে। তবে ব্রাজিলের অনেক খেলোয়াড়েরই বড় মঞ্চে চাপের মুখে খেলার অগাধ অভিজ্ঞতা রয়েছে, যা এ ধরনের বাঁচা-মরার লড়াইয়ে অমূল্য। প্রথম গোলটি কে ফেস করছে, তার ওপর নির্ভর করবে ম্যাচের মানসিক নিয়ন্ত্রণ কার দিকে ঝুঁকবে।

