ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চিরতরে বদলে যাচ্ছে গুগল

ইনফোটেক ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৩:১৩ এএম

ইন্টারনেটে কোনো কিছু খোঁজার জন্য গুগলে সার্চ করলেই চোখের সামনে ভেসে উঠত একের পর এক ওয়েবসাইটের লিংক, যা প্রযুক্তি বিশ্বে টেন ব্লু লিংকস’ নামে পরিচিত। বিগত ২৫ বছর ধরে মানুষ এভাবেই গুগল ব্যবহার করে আসছে। কিন্তু গুগলের সেই চেনা রূপ এবার চিরতরে হারিয়ে যেতে বসেছে। সম্প্রতি অনুষ্ঠিত ‘গুগল আই/ও’ কনফারেন্সে প্রতিষ্ঠানটি তাদের সার্চ ইঞ্জিনের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যা একে একটি সাধারণ সার্চ বক্স থেকে সম্পূর্ণ এআই-চালিত একটি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মে রূপান্তর করবে। গুগলের এই নতুন সার্চ ব্যবস্থায় ব্যবহারকারীরা শুধু কিছু ওয়েবসাইটের তালিকা পাবেন না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সরাসরি তাদের প্রশ্নের সুনির্দিষ্ট ও ইন্টারঅ্যাক্টিভ উত্তর পেয়ে যাবেন। নতুন এই সার্চ বক্সে দীর্ঘ এবং কথোপকথনের ভঙ্গিতে যেকোনো প্রশ্ন করা যাবে। শুধু তাই নয়, গুগলের নতুন এআই কুয়েরি সিস্টেম ব্যবহারকারীকে আরও জটিল ও সূক্ষ্ম প্রশ্ন তৈরি করতেও সাহায্য করবে।

আসছে এআই ‘তথ্য এজেন্ট’ এবং কাস্টম অ্যাপস

গুগল সার্চের সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তনটি আসতে যাচ্ছে আগামী গ্রীষ্মে। ব্যবহারকারীরা এখন থেকে গুগলের ভেতরেই নিজস্ব ‘ইনফরমেশন এজেন্ট’ বা তথ্য প্রতিনিধি তৈরি ও পরিচালনা করতে পারবেন। এই এআই এজেন্টগুলো ব্যাকগ্রাউন্ডে ২৪ ঘণ্টা সচল থাকবে এবং ইন্টারনেটের সমস্ত পরিবর্তনের ওপর নজর রাখবে। উদাহরণস্বরূপ, আপনি যদি নির্দিষ্ট কোনো বাজারের শেয়ার বা অর্থনৈতিক ওঠানামা ট্র্যাক করতে চান, তবে এই এজেন্টটি রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ করে আপনার শর্ত পূরণ হওয়া মাত্রই আপনাকে লিংকসহ একটি গোছানো আপডেট জানিয়ে দেবে।