শুধু স্বল্প দৈর্ঘ্যরে ভিডিও শেয়ারিংয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ধীরে ধীরে একটি বহুমুখী ডিজিটাল সেবার কেন্দ্র বা ‘সুপার অ্যাপ’ হিসেবে নিজেদের গড়ে তুলছে টিকটক। ব্যবহারকারীদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনের সব সুবিধা একই প্ল্যাটফর্মে এনে ধরে রাখার কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে টিকটকে যুক্ত হয়েছে কেনাকাটার জন্য ‘টিকটক শপ’, স্থানীয় বিভিন্ন স্থান খোঁজার ম্যাপ, উন্নত সার্চ টুল, গেমস এবং হোটেল বুকিংয়ের মতো বৈচিত্র্যময় সব সুবিধা। এর পাশাপাশি আর্থিক প্রযুক্তি বা পেমেন্ট সেবা খাতেও প্রবেশের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জনপ্রিয় প্ল্যাটফর্ম। চীনে এই ‘সুপার অ্যাপ’ ধারণাটি দারুণ জনপ্রিয়, যেখানে মেসেজিং, পেমেন্ট ও অন্যান্য সেবা একটি মাত্র অ্যাপের মাধ্যমেই পাওয়া যায়। টিকটক এখন চীনের বাইরে বিশ্বজুড়ে এই মডেলটি সফল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বিশ্বকাপের জন্য বিশেষ স্পোর্টস হাব ক্রীড়াপ্রেমীদের অ্যাপের ভেতরেই ধরে রাখতে ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে একটি বিশেষ ‘স্পোর্টস হাব’ চালু করেছে টিকটক। এই হাবে ব্যবহারকারীরা ম্যাচের লাইভ স্কোর, খেলার সূচি, পয়েন্ট তালিকা, ট্রেন্ডিং ভিডিও, হাইলাইটস এবং খেলোয়াড়দের বিভিন্ন এক্সক্লুসিভ কনটেন্ট এক জায়গায় দেখতে পাবেন।
টিকটকের নিজস্ব স্পোর্টস পণ্য ‘টিকটক গেমপ্ল্যান’-এর মাধ্যমে এই বিশ্বকাপ হাবটি পরিচালিত হচ্ছে। এর উদ্দেশ্য হলোÑ বিভিন্ন দল, লিগ এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কনটেন্ট আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এবং মেজর লিগ বেসবলের সঙ্গে চুক্তির মাধ্যমে পর্দার আড়ালের বিশেষ সব কনটেন্টও সরবরাহ করছে টিকটক। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের চেনা গ-ি পেরিয়ে টিকটক এখন এমন এক প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, যেখানে বিনোদনের পাশাপাশি দৈনন্দিন সব নাগরিক সেবা মিলবে এক ক্লিকেই।

