টানা বর্ষণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের অনেকেরই স্মার্টফোন বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। সামান্য অসাবধানতাও ফোনের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই ফোন ভিজে গেলে কী করবেন, আর কী করবেন নাÑ তা জানা জরুরি।
বৃষ্টির পানি কেন ক্ষতিকর?
অভ্যন্তরীণ শর্টসার্কিট : ফোনের ভেতরে পানি প্রবেশ করলে মাদারবোর্ড বা বৈদ্যুতিক
সার্কিটে শর্টসার্কিট হতে পারে। এতে ফোন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে বা স্থায়ীভাবে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
ব্যাটারির ক্ষতি : চার্জিং পোর্টে পানি ঢুকলে ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘদিনে ব্যাটারি ফুলে যাওয়া বা চার্জ ধরে রাখতে না পারার সমস্যাও দেখা দিতে পারে।
ডিসপ্লে নষ্ট হওয়ার আশঙ্কা : পানিরোধী নয় এমন ফোনে পানি ঢুকলে স্ক্রিনের ভেতরে দাগ বা আর্দ্রতা জমে ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ক্যামেরা ও সেন্সরের সমস্যা : ক্যামেরার লেন্স বা সেন্সরে পানি ঢুকলে ছবি ঝাপসা হতে পারে। একই সঙ্গে বিভিন্ন সেন্সরও ঠিকমতো কাজ নাও করতে পারে।
মরিচা ধরার ঝুঁকি : বৃষ্টির পানিতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ফোনের ধাতব অংশে মরিচা ধরাতে পারে। এতে ধীরে ধীরে ফোন অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ফোন ভিজে গেলে যেসব ভুল করবেন না : ভেজা অবস্থায় ফোন চার্জে দেবেন না। হেডফোন বা অন্য কোনো তারযুক্ত সংযোগ ব্যবহার করবেন না। হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস দেবেন না। মুখ দিয়ে ফুঁ দিয়ে পানি বের করার চেষ্টা করবেন না। ফোন চালের মধ্যে বা তীব্র রোদে রেখে শুকানোর চেষ্টা করবেন না। ফোন ভিজে গেলে যা করবেন।
দ্রুত ফোনটি বন্ধ করে দিন। শুকনো ও নরম কাপড় বা তোয়ালে দিয়ে বাইরের অংশ ভালোভাবে মুছে ফেলুন। সম্ভব হলে সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে ফেলুন।
ফোনটি ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন স্থানে শুকাতে দিন। ভেতরে পানি ঢুকেছে বলে সন্দেহ হলে সম্পূর্ণ শুকানোর আগে ফোন চালু বা চার্জে দেবেন না। প্রয়োজন হলে দ্রুত অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান। ফোনে পানি ঢোকার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া না করা। সঠিকভাবে শুকানোর আগেই ফোন চালু বা চার্জে দিলে ক্ষতি আরও বেড়ে যেতে পারে। দ্রুত ও সতর্ক পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রেই স্মার্টফোনকে স্থায়ী ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব।

