ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

উইন্ডোজের নিরাপত্তায় এআইয়ের ওপর জোর দিচ্ছে মাইক্রোসফট

 ইনফোটেক ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:২২ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার যেমন দ্রুত বাড়ছে, তেমনি সাইবার হামলার ধরনও দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এআইয়ের সহায়তায় হ্যাকাররা আগের চেয়ে দ্রুত সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম উইন্ডোজের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন এআইনির্ভর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ‘এমড্যাশ’ নামে একটি মাল্টি-মডেলভিত্তিক স্বয়ংক্রিয় এআই নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে। এই প্রযুক্তির মাধ্যমে উইন্ডোজের সম্ভাব্য নিরাপত্তা দুর্বলতা দ্রুত শনাক্ত, বিশ্লেষণ এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছে তাৎক্ষণিকভাবে পাঠানো হবে।

ফলে কোনো ত্রুটি সাইবার অপরাধীরা কাজে লাগানোর আগেই প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করা সহজ হবে। মাইক্রোসফটের উইন্ডোজ অ্যান্ড ডিভাইসেস বিভাগের সহ-সভাপতি পবন দাভুলুরি এক ব্লগ পোস্টে জানান, নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার সময় কমিয়ে আনা এবং দ্রুত সমাধান ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে ‘জিরো-ডে’ ধরনের সাইবার হামলার ঝুঁকি কমাতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের দাবি, এমড্যাশ প্রযুক্তিতে ১০০টিরও বেশি বিশেষায়িত এআই এজেন্ট একযোগে কাজ করে সম্ভাব্য নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করবে। এ জন্য ক্লাউডভিত্তিক আলাদা স্ক্যানিং ও যাচাই অবকাঠামো তৈরি করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে বিপুল পরিমাণ কোড বিশ্লেষণ করতে সক্ষম।

শুধু নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেই থেমে থাকতে চায় না মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে নতুন সফটওয়্যার, ফিচার কিংবা হালনাগাদ তৈরির শুরু থেকেই উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি ধাপে এআই ব্যবহার করা হবে।

এ জন্য তাদের সিকিউর ডেভেলপমেন্ট লাইফসাইকেল (এসডিএল) নীতিমালাও হালনাগাদ করা হচ্ছে, যাতে এআইনির্ভর সম্ভাব্য হামলার কৌশল বিবেচনায় রেখে সফটওয়্যার আরও নিরাপদভাবে তৈরি করা যায়।মাইক্রোসফটের মতে, এআইনির্ভর সাইবার হামলার গতি ও জটিলতা যেভাবে বাড়ছে, তাতে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা আর যথেষ্ট নয়।

তাই ভবিষ্যতের সাইবার হুমকি মোকাবিলায় উইন্ডোজের নিরাপত্তা ব্যবস্থায় আরও বড় পরিসরে এআই প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।