কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী চ্যাটজিপিটিকে আরও কার্যকর স্বাস্থ্যসেবা সহায়ক হিসেবে গড়ে তুলতে নতুন পদক্ষেপ নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সি সব লগইন করা ব্যবহারকারীর জন্য ‘চ্যাটজিপিটি হেলথ’ সুবিধা চালু করা হচ্ছে। ফ্রি, গো, প্লাস ও প্রোÑ সব ধরনের সাবস্ক্রিপশন ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন। ওয়েব ও আইওএস সংস্করণে ধাপে ধাপে এটি উন্মুক্ত করা হচ্ছে।
নতুন এই ঘোষণা এমন একসময় এলো, যখন ফ্লোরিডার এক ধর্মযাজক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, চ্যাটজিপিটি তাকে চিকিৎসকের পরামর্শ না নেওয়ার মতো বিপজ্জনক পরামর্শ দিয়েছিল, যা প্রায় প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি করেছিল। এই ঘটনার পর স্বাস্থ্যসংক্রান্ত এআই ব্যবহারের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ওপেনএআই চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করেছিল। তখন ব্যবহারকারীরা অ্যাপল হেলথ, মাইফিটনেসপাল, ফাংশন হেলথসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের তথ্য চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারতেন। পরে এতে হাসপাতালভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা এপিক ও ওরাকল হেলথ, পাশাপাশি ওয়ান মেডিকেলের মতো স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের মেডিকেল রেকর্ড সংযুক্ত করার সুবিধাও যোগ করা হয়।
প্রথমদিকে স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করার জন্য ব্যবহারকারীদের আলাদা ‘হেলথ হাব’ ব্যবহার করতে হতো। তবে নতুন আপডেটের ফলে সাধারণ কথোপকথনের মধ্যেই স্বাস্থ্য-সংক্রান্ত সংযুক্ত তথ্য ব্যবহার করে উত্তর দিতে পারবে চ্যাটজিপিটি। ফলে ব্যবহারকারী যদি খাবার, পুষ্টি, অ্যালার্জি বা জীবনধারা নিয়ে প্রশ্ন করেন, তাহলে সংযুক্ত স্বাস্থ্যতথ্যের ভিত্তিতে আরও প্রাসঙ্গিক তথ্য দিতে সক্ষম হবে এআই।
ওপেনএআই জানিয়েছে, জানুয়ারিতে প্রতি সপ্তাহে প্রায় ২৩ কোটি স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করা হলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩০ কোটিতে পৌঁছেছে। পরীক্ষামূলক ব্যবহারের সময় প্রতিষ্ঠানটি আরও লক্ষ্য করেছে, প্রায় ৭০ শতাংশ স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন আলাদা হেলথ হাবের বাইরে সাধারণ চ্যাটেই করা হচ্ছিল। তাই স্বাস্থ্যসেবার সুবিধাকে মূল চ্যাট অভিজ্ঞতার সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তাদের সর্বশেষ মডেলগুলোর সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ওপেনএআইয়ের নতুন জিপিটি-৫.৬ লুনা মডেল স্বাস্থ্যসংক্রান্ত মূল্যায়ন সূচক হেলথবেঞ্চ-এ আগের জিপিটি-৫.৫ মডেলের চেয়ে ভালো ফল করেছে। এই বেঞ্চমার্কটি বড় ভাষা মডেলের স্বাস্থ্যবিষয়ক উত্তর মূল্যায়নের জন্য ওপেনএআই উন্মুক্তভাবে তৈরি করেছে।
তবে প্রযুক্তিগত অগ্রগতির পরও ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, চ্যাটজিপিটি কোনো রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। প্রতিষ্ঠানটির সেবার শর্তেও উল্লেখ রয়েছে, স্বাস্থ্যগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি চিকিৎসকের পরিবর্তে ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। ওপেনএআই জানিয়েছে, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক উত্তর আরও নিরাপদ করতে তারা চিকিৎসকদের সঙ্গে কাজ করছে এবং ব্যবহারকারীদের সব সময় পেশাদার চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাধিক গবেষণায়ও দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট অনেক ক্ষেত্রে সহায়ক তথ্য দিতে পারলেও চিকিৎসা-পরামর্শের ক্ষেত্রে এখনো পুরোপুরি নির্ভরযোগ্য নয়। তবুও স্বাস্থ্যসেবায় এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ওপেনএআইয়ের পাশাপাশি অ্যানথ্রপিক ও গুগলও স্বাস্থ্যবিষয়ক এআই সুবিধা নিয়ে কাজ করছে। চ্যাটজিপিটি হেলথের এই বিস্তৃত উন্মুক্তকরণ এআইকে ব্যক্তিগত স্বাস্থ্যসহকারী হিসেবে আরও সহজলভ্য করে তুললেও, চিকিৎসাবিষয়ক যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শই যে সবচেয়ে নির্ভরযোগ্যÑ সেই বার্তাও আবারও মনে করিয়ে দিয়েছে ওপেনএআই।

