ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়পুরহাট ও মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত ১৪

জয়পুরহাট ও মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:০১ এএম

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি প্রার্থীর কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ ভোটকেন্দ্রের দ্বিতীয় গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জয়পুরহাট থানার ওসি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার তিনটি গাড়ি নিয়ে জয়পুরহাট সরকারি কলেজ ভোটকেন্দ্রের দ্বিতীয় গেটে আসেন। স্বতন্ত্র প্রার্থী তার কর্মীদের নিয়ে গাড়ি থেকে নামেন। এ সময় সেখানে বিএনপির কয়েকজন কর্মী তাদের কেন্দ্রে যেতে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে সাবেকুন নাহার তার কর্মীদের নিয়ে সেখান থেকে চলে গেলে দুজন যেতে পারেননি। ওই দুজনকে সেখানে পেটানো হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় আহত ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- রোমান (৩৯), আলী হামজা (২৩), তামজিদ (১৯), তৌফিক (২৬), আব্দুল্লাহ (২৬), রাজীব (৪০), আল-আমিন (৩০), সোহাগ (২৪) ও রোহান (২৬)।

এ বিষয়ে ওসি আনিছুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি প্রার্থীর কর্মীদের সংঘর্ষ হওয়ার ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। ওসি বলেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বিষয়টি আমাদের জানালে তাকে সেখান থেকে থানায় নেওয়া হয়েছে।

এদিকে মুন্সীগঞ্জ সদরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীরকান্দী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্র পরিদর্শন করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রাতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন- সদ্য বহিষ্কৃত সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুব হাসান সোহাগ (৩৮), জয় বেপারী (৩২), মো. ইকবাল (৪০), জুয়েল শেখ (৪৩), আব্দুল জব্বর বেপারীসহ (৫৩) আরও কয়েকজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে পূর্ব রাখীরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য বহিষ্কৃত সদস্যসচিব, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদের (ফুটবল প্রতীকের) সমর্থকরা। এ সময় বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থকরা কথা কাটাকাটির জেরে ইউনিয়নটির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরু মোল্লা ও স্থানীয় বিএনপি নেতা জাকির জমাদ্দারসহ আরও বেশ কয়েকজনের নেতৃত্বে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ওপর। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ভোটকেন্দ্রে থাকা প্লাস্টিকের চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।