বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। কান পাতলে এই নগরেও শোনা যাচ্ছে কোকিলের কুহু কুহু ডাক। দখিনা হাওয়ায় প্রাণবন্ত প্রকৃতি। গাছের ডগায় ডগায় সবুজাভ নতুন পাতা। বাগানে বাহারি রঙিন ফুল। ভাষা, সুর, ছন্দ বলছেÑ ‘বসন্ত এসে গেছে...’। আজ পহেলা ফাল্গুন। প্রকৃতিতে বইছে বসন্তের সঙ্গে সঙ্গে ভালোবাসার হাওয়া।
ঋতুরাজ বসন্ত এলেই বাঙালি সংস্কৃতি মেতে ওঠে ভিন্ন আঙ্গিকে। নাগরিক জীবনে ইট-পাথরের ইমারতে তেমন একটা কোকিলের ডাক শোনা না গেলেও তরুণ-তরুণীর পোশাকের বৈচিত্র্যে ফুটে উঠে বসন্তের পূর্ণ ছোঁয়া। জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে সবুজ-শ্যামল বাংলা।
বসন্তের রং ছড়িয়ে পড়ুক সবার মনে, প্রতিটি দিন হোক শুধুই ভালোবাসার। এদিকে একই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। আজ বিশ্ব ভালোবাসা দিবসও। ভালোবাসা দিবস আর বসন্তের রং যেন মিলেছে একই মোহনায়। সবার মুখে মুখে আজ উচ্চারিত হচ্ছে, ‘বসন্তে রঙিন ভালোবাসার দিন। আজ বসন্ত, আজ ভালোবাসার দিন।’
হৃদয়ে বসন্তের উষ্ণতা নিয়ে আজ বাইরে পা বাড়াবেন অনেকেই। প্রিয়জনকে নিয়ে ভালোবাসার দিগন্ত ছুঁতে চাইবেন তারা। একটি দিন প্রিয় মানুষের সঙ্গে একান্তে নিজেদের মতো করে কাটাবেন। বিশেষ করে তরুণ প্রজন্ম দিনটিকে বেছে নেবে মনের মানুষের কাছে প্রণয়ের কথা নিবেদনের জন্য। গোলাপের গুচ্ছ নিয়ে একসঙ্গে বাইরে ঘুরে বেড়ানো, কোথাও খেতে যাওয়ার মধ্য দিয়ে দিনটি কাটবে অনেকের। কারো প্রেমের প্রথম কুঁড়িটিও হয়তো লাজুক চোখ মেলে তাকাবে পয়লা বসন্তের আলোয়।
তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সি মানুষ ঘরের বাইরে আসবে। বসন্তের এই উৎসবে বিনোদনপ্রেমী মানুষের স্রোত মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে। এ ছাড়া নগরজুড়ে থাকবে বসন্ত-ভালোবাসার কোলাহল। বসন্ত মানেই যেন নতুন কলেবর, তাই সর্বত্র রঙিন হবে মানুষের ঢলে। বাসন্তী রঙের শাড়ি পরে, খোঁপায় গাঁদা, পলাশসহ নানা রঙের ফুল গুঁজে তরুণীরা বেরিয়ে পড়বেন শাহবাগ, চারুকলা চত্বর, টিএসসি, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন পার্ক, উদ্যানে। ছেলেরা লাল-হলুদ, বাসন্তী রঙা পাঞ্জাবি আর ফতুয়ায় নিজেদের সাজিয়ে নেমে আসবে পথে। প্রেমের ঋতু বসন্তে প্রেমিক মন আনমনে গেয়ে উঠবেÑ ‘শোন গো দখিনা হাওয়া/প্রেম করেছি আমি...’।
বাংলা পঞ্জিকাবর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবে এ উৎসব এখন গোটা বাঙালির কাছে ব্যাপক সমাদৃত। বাংলায় বসন্ত উৎসব এখন প্রাণের উৎসবে পরিণত হলেও এর শুরুটা ঐতিহ্যে ম-িত, যা অনেকের অজানা।
মোগল সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন ১৫৮৫ সালে। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। তখন অবশ্য ঋতুর নাম এবং উৎসবের ধরনটা এখনকার মতো ছিল না। তাই পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব কেবল উৎসবে মেতে ওঠার সময় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য, বাঙালি সত্তা। সেই ঐতিহ্যের ইতিহাস ধরে রাখতে পারলেই বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম ছড়িয়ে দিতে পারবে বাঙালি চেতনাকে। বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে।
‘ভ্যালেন্টাইনস ডে’ বা ‘ভালোবাস দিবস’ বিষয়ে ইতিহাসবিদদের মতে, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এই উৎসবের সূত্রপাত। এক খ্রিষ্টান পাদ্রি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেন্টাইনস ডে’ করা হয়। ২৭০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি খ্রিষ্টানবিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদ- দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ‘ফ্রম ইওর ভ্যালেন্টাইন’। সেন্ট ভ্যালেন্টাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করা শুরু করেন। যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদ-ে দ-িত সেন্ট ভ্যালেন্টাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
ভ্যালেন্টাইনস ডে সর্বজনীন হয়ে ওঠে আরও পরে, প্রায় ৪০০ খ্রিষ্টাব্দের দিকে। দিনটি বিশেষভাবে গুরুত্ব পাওয়ার পেছনে রয়েছে আরও একটি কাহিনি। সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর আগে প্রতি বছর রোমানরা ১৪ ফেব্রুয়ারি পালন করত ‘জুনো’ উৎসব। রোমান পুরাণের বিয়ে ও সন্তানের দেবী জুনোর নামানুসারে এর নামকরণ। এদিন অবিবাহিত তরুণেরা কাগজে নাম লিখে লটারির মাধ্যমে তার নাচের সঙ্গীকে বেছে নিত। ৪০০ খ্রিষ্টাব্দের দিকে রোমানরা যখন খ্রিষ্টান ধর্মাবলম্বীতে পরিণত হয়, তখন ‘জুনো’ উৎসব আর সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের দিনটিকে একই সূত্রে গেঁথে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে উদযাপন শুরু হয়। কালক্রমে এটি সমগ্র ইউরোপ এবং ইউরোপ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

