নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
সাব্বির আলম সুজন বলেন, ‘নোয়াখালীর হাতিয়া থানাধীন বোয়ালিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়। এ সময় সন্ত্রাসীর অনুসারীরা বাধা প্রদানের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।’ জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
উল্লেখ্য, সন্ত্রাসী বিদ্যুৎ ইতোপূর্বে বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিল।

