জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ‘বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা’ রাখতে চায় বিরোধী দল। গতকাল রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বসেছেন সদস্যরা। তার আগে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বৈঠক করেন, যেখানে বাজেট অধিবেশেন নিয়ে আলোচনা হয়েছে বলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিএনপির নতুন সরকার আজ বৃহস্পতিবার আগামী অর্থবছরের বাজেট দিতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় বিরোধী দলের বৈঠকে বাজেট অধিবেশনে তাদের অবস্থান ও কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়েছে।
বাজেট অধিবেশনে তাদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে আজ (রোববার) থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধী দল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য সংসদ সদস্যরা।

