ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

বিসিবি নির্বাচন

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক ও নতুন সভাপতি তামিম

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:৪৪ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে। অনুমিত ফলই প্রকাশ পেয়েছে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণায়। ঢাকার ক্লাবের ভোটারদের সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে বিসিবির পরবর্তী সভাপতিও হতে যাচ্ছেন তিনি। শুধু তামিম নন, অ্যাডহক কমিটি থেকে নির্বাচন করা কাউন্সিলরদের সবাই এই নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

গতকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২) ১২টি পরিচালক পদের বিপরীতে লড়াই করেন ১৬ জন কাউন্সিলর। যেখানে মোট ৭৬ জন ভোটারের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে চমক দেখান তামিম ইকবাল। এই ক্যাটাগরি থেকে হেরে যাওয়া চার প্রার্থী হলেনÑ মেজর (অব.) ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।

অন্যদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ‘ক্যাটাগরি-১’-এ মোট ১০টি পরিচালক পদের মধ্যে সাতজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। গতকাল ভোট হয়েছে কেবল বরিশাল ও খুলনা বিভাগে। এর মধ্যে বরিশাল বিভাগের একমাত্র পদের লড়াইয়ে মুন্তাসির আলমকে হারিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। খুলনা বিভাগের দুটি পদের বিপরীতে তিনজন প্রার্থী লড়াই করেন। এর মধ্যে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি সংস্থা নিয়ে গঠিত ‘ক্যাটাগরি-৩’ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত এই পরিচালকদের প্রত্যক্ষ ভোটে নির্ধারিত হবে নতুন বোর্ড সভাপতি। সেখানেও বাজিমাত করেন তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিও নির্বাচিত হন তিনি।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদ (পরিচালকবৃন্দ) হলেন:

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) : ঢাকা বিভাগে সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম বিভাগে মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরী, খুলনা বিভাগে শফিকুল আলম ও শান্তনু ইসলাম, রাজশাহী বিভাগে মীর শাকরুল আলম, রংপুর বিভাগে মির্জা ফয়সল আমীন, সিলেট বিভাগে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশাল বিভাগে মিজানুর রহমান।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাবসমূহ) : তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সাকিফ আহমেদ।

এ ছাড়া ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থাসমূহ)-এ নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।