৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। পরীক্ষায় উত্তীর্ণ মোট ১ হাজার ৫২১ জনকে চাকরিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩২০ জনকে ক্যাডারে ও ২০১ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এ পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।
৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সে বছরের ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে অনলাইনে এ বিসিএসের আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করে পিএসসি। পরে ওই বছরের ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সংশোধিত বিজ্ঞপ্তিতে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়। এ বিসিএসে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। পরে ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় এ বিসিএসের আবেদন, চলে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রথমে ২০২৫ সালের ৮ আগস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ৪৩ দিন পিছিয়ে ওই বছর ১৯ সেপ্টেম্বর আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হয়। একই বছরের ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, এতে ১০ হাজার ৬৪৪ প্রার্থী উত্তীর্ণ হন। পরে ওই বছরের ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হলে প্রার্থীদের একাংশ তা পেছানোর দাবিতে আন্দোলন করেন। কিন্তু পরীক্ষা শুরুর তারিখ নিয়ে অনড় অবস্থানে থাকে পিএসসি। কয়েক দিন আন্দোলনের পর ওই প্রার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
এ বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হয় গত ২৭ নভেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলে ১৮ ডিসেম্বর পর্যন্ত। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থীকে উত্তীর্ণ করে ফল প্রকাশ করা হয়। ১১ মে থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করেছিল কমিশন। লিখিত পরীক্ষার সব প্রক্রিয়া শেষ করে অবশেষে গতকাল ফল প্রকাশ করা হলো।

