ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৪০ এএম

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গতকাল বৃহস্পতিবার আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। খলিলুর রহমান তার বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তির মানবকেন্দ্রিক ও দায়িত্বশীল ব্যবহারের জন্য এআরএফের আওতায় একটি প্রযুক্তি শাসনকাঠামো গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া, তিনি আন্তর্জাতিক আইন অনুসরণ করে শান্তিপূর্ণ উপায়ে সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।