রাজধানীর ভাটারা থানার নতুনবাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী ও ভাগ্নির পর এবার ফাহিমা (২১) নামে এক নারী মারা গেছেন। গত শনিবার রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও এক শিশুর প্রাণপ্রদীপ নিভে গেল।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত মঙ্গলবার সকালে ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন, তার স্ত্রী ফাহিমা এবং তাদের আট বছর বয়সি ভাগ্নি হাফছাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। পরে তাদের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে আইসিইউতে শরীরে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় আট বছর বয়সি হাফছা। এরপর শুক্রবার সকাল ৬টার দিকে শরীরে ৫০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান মো. শাহীন (২৪)। গত শনিবার রাত ১১টার দিকে শরীরে ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ ফাহিমা।
দগ্ধ শাহীন একটি দোকানের কর্মচারী ছিলেন। পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোড ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন তিনি।

