সারমিন চৌধুরী
বৃত্তবন্দি প্রেম
নিমীল সন্ধ্যায় দাঁড়িয়ে দেখেছি
জীর্ণশীর্ণ বৃক্ষের মতো তোমার শেষ প্রস্থান-
বুকের ভেতর যেন গর্জন করছিল বৃহৎ পয়োধি
সফেন ঢেউয়ে ধুয়েমুছে যাচ্ছিল জরির প্রেম!
ফিকে হয়ে যাচ্ছিল ল্যাম্পপোস্টের আলো
চলছিল চতুর্দিকে আঁধারের এক মহোৎসব
দুঃখজাগানিয়া গানে টনটন করেছিল ক্ষত
অভিমানের ঢেকুরে ভারী হয়ে যাওয়া আশপাশে
ব্যর্থতার হুইসেলে শুনে স্বয়ং ধ্বংসের ধ্বনি;
প্রত্যাখানের শীতল চাদরে জমাট হয়ে যায় বুক
ডানা ভাঙ্গা পাখির মতো ছটফট করছিলাম
তবুও একবার পশ্চাৎগামী হয়ে দেখোনি তুমি।
তখন থেকে ডেস্ক বন্ধ হৃদয়ের বিমূর্ত প্রচ্ছেদ,
ঘন নিঃশ্বাসে ভরা হয় না চন্দ্রমল্লিকার ঘ্রাণ!
গাঁথা হয়নি প্রেমের মাল্য অনুভূতির সুতোতে
হাঁটা হয়নি চাঁদনি রাতে পুরোনো সাঁকো ধরে-
নির্ভীক রূপে হেসে উঠেনি আর বৃত্তবন্দি প্রেম।

