× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৯ এএম

চলন্ত বিজ্ঞাপনে বড় গরমিল

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৯ এএম

চলন্ত বিজ্ঞাপনে বড় গরমিল

কোম্পানির পণ্য বা সেবা প্রচারের জন্য যেকোনো যানবাহনে বিজ্ঞাপন প্রচার করতে বার্ষিক রাজস্ব ফি দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন বাধ্যতামূলক। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকায় বিজ্ঞাপন সম্বলিত এসব পরিবহন চলাচল করতে গেলে রাজস্ব ফি দিতে হয় সিটি করপোরেশনকেও। বিআরটিএ এবং সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া বিজ্ঞাপন সম্বলিত পরিবহন সড়কে চলাচল করার কঠোর আইন থাকার পরও কোনো রকমের অনুমোদনের তোয়াক্কা না করে নগরীর সড়কে চলছে চলন্ত বিজ্ঞাপনের হাজার হাজার গাড়ি। পুলিশের ট্রাফিক বিভাগ চলমান এসব পরিবহনের বিরুদ্ধে মামলা দেওয়াসহ গাড়ি জব্দ করার সুযোগ থাকলেও গত এক বছরে মামলা ও গাড়ি জব্দের ঘটনা প্রায় শূন্য। শুধু তাই নয়, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ (চসিক) বিআরটিএ অনুমোদনবিহীন চলন্ত বিজ্ঞাপনের গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করার আইন থাকলেও আশ্চর্যজনকভাবে নীরব এ দুটি প্রতিষ্ঠানও। গত তিন মাস চেষ্টা করেও বিআরটিএ’র কাছ থেকে যানবাহনে বিজ্ঞাপন প্রচারের অনুমোদনের কোনো তালিকা কিংবা তথ্য পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের চসিকের কাছ থেকে ৩০টি প্রতিষ্ঠান ৯০টি গাড়ির বিপরীতে চলন্ত বিজ্ঞাপনের অনুমোদন বাবদ ৭ লাখ ৬৫ হাজার ৬২১ টাকা রাজস্ব আদায় করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ট্রাফিক পুলিশ এবং বিআরটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে সড়কে এসব পরিবহন চলছে।

তথ্যসূত্র বলছে, পণ্য ও সেবা প্রচারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত যানবাহন যেমন, পিকআপ ভ্যান, মিনি ট্রাক, ট্রাক, লরিসহ নানা ধরনের পরিবহন ব্যবহার করে থাকে। চলন্ত বিজ্ঞাপনের এসব পরিবহনের ক্ষেত্রে প্রতি বর্গফুট হিসাব করে নির্দিষ্ট পরিমাণের অর্থ জমা দিয়ে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

তথ্যানুসন্ধানে জানা গেছে, নগরীর কে বেকারি, খুলশী মার্ট সুপার শপ, কে ওয়াটার, ওয়েলফুড, পিউরিয়া, বনফুল, ফুলকলি, বার্জার, এস আলম, পারটেক্স, মেঘনা, সিটি গ্রুপ, কেডিএস, আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস, স্মার্ট গ্রুপসহ ফার্মাসিউটিক্যালস ও ফার্নিচার কোম্পানিসহ শত প্রতিষ্ঠানের প্রায় কয়েক হাজার পরিবহনে বিজ্ঞাপনী স্টিকার ব্যবহার করা হলেও সিটি করপোরেশন থেকে ৯০টি পরিবহনের জন্য অনুমতি নিয়েছে মাত্র ৩০টি প্রতিষ্ঠান। 

চসিকের তথ্য সূত্র বলছে, ২০২৫-২৬ অর্থবছরের গাড়ির বড়িতে বিজ্ঞাপন স্টিকার লাগানোর জন্য অনুমোদন নেওয়া প্রতিষ্ঠানগুলো হলোÑ নাহার এগ্রো কমপ্লেক্স লিমিটেড ৭টি গাড়ি, এন, কে ডেইরি এগ্রো ফার্মের ১টি, গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেড ১টি, মমতা ক্লিনিক ১টি, অলিম্পিক মিল্ক ফুড প্যাকেজিং ৫টি, নাতুরাব এক্সেসরিজ বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ১২টি, আর.আর. ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের ১টি, ডায়মন্ড সিমেন্টের ১টি, সিজল নিয়েছে ১১টি, শ’ওয়ালেস বাংলাদেশ লিমিটেড ২টি, ভান ওমেরেন ট্যাংক টার্মিনাল বাংলাদেশ লিমিটেড ১০টি, এইচ আর সি প্রোডাক্টস লিমিটেড ৪টি, সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩টি, জে এম জি ইন্টারন্যাশনাল ৩টি, ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১টি, লুব্রিকেন্টস এশিয়া লিমিটেড ১টি, মাসুদ এগ্রো প্রসেসিং ফুড ২টি, কৈলাশ ডেইরি এন্ড এগ্রো প্রজেক্ট ১টি, এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিঃ ১টি, মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ১টি, মেডিআর্থ লিমিটেড ১টি, ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেড ৫টি, হাতিল ফার্নিচার লি. ২টি, বিবিএস কেবল’স পিএলসি ২টি, ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজ ১টি, সান ডেইরি এন্ড এগ্রো  প্রোডাক্টস লি. ২টি, শপিংব্যাগ সুপারমার্কেট ১টি, যমুনা ট্রিমস্ লি. ১টি, মীর ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ ৫টি এবং বিএসআরএম ওয়্যারস লিমিটেডের ১টি গাড়ি।

নগর ট্রাফিক পুলিশ, বিআরটিএ এবং সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে অনুমোদন নেওয়া ছাড়া চলন্ত বিজ্ঞাপন পরিবহনের বিরুদ্ধে নেওয়া কোনো অভিযানের তথ্য পায়নি এই প্রতিবেদক। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক নগর ট্রাফিক বিভাগে (দক্ষিণ) কর্মরত এক কর্মকতা জানান, গত এক বছরে অনুমোদন ছাড়া বিজ্ঞাপনের স্টিকার লাগানো একটি মাত্র গাড়িতে আমরা মামলা দিয়েছি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়ার কামাল বলেন, সিটি করপোরেশন এলাকায় যদি এই ধরনের কোনো বিজ্ঞাপনী স্টিকার সম্বলিত গাড়ি চলাচল করতে হয় সে ক্ষেত্রে বিআরটিএ’র অনুমোদনের সাথে সাথে করপোরেশনের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

জানতে চাইলে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ার) মাসুদ আলম বলেন, চলন্ত গাড়িতে বিজ্ঞাপন প্রচারের জন্য প্রথমে বিজ্ঞাপনে কী কী কনটেন্ট লেখা থাকবে সেটি ঢাকা অফিস থেকে অনুমোদন নিতে হয়। সে অনুমোদন নেওয়ার পর অঞ্চলভিত্তিক অনুমোদন দেয় আঞ্চলিক কার্যালয়গুলো। চট্টগ্রামে এ ধরনের কতটি প্রতিষ্ঠান অনুমতি নিয়েছে এবং তার তালিকা পাওয়া যাবে কি নাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই তালিকা বের করতে মাসখানেক সময় লাগবে। আপনি এক মাস পর যোগাযোগ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!