নারায়ণগঞ্জের একটি চর থেকে পুলিশের লুট হওয়া পিস্তল ও গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে চালানো ওই অভিযানে স্থানীয় পুলিশও অংশ নেয়। গ্রেপ্তারকৃতরা হলেন কালাপাহাড়িয়ার খালিয়ার চরের এরশাদের ছেলে মো. জাকির (৩০), একই এলাকার কানাই মিয়ার ছেলে মো. জনি (১৯), প্রয়াত হযরত আলীর ছেলে মো. স্বপন (৪০), শামসুল হক ব্যাপারীর ছেলে আব্দুল মতিন (৪৫) এবং শুকুর আলীর ছেলে রিন্টু মিয়া (৫১)।
পুলিশ জানিয়েছে, কালাপাড়ারিয়া ইউনিয়নটি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবস্থিত। মেঘনা নদী বেষ্টিত ইউনিয়নটি বিচ্ছিন্ন চরাঞ্চল। গোপন তথ্যের ভিত্তিত্বে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলামও ছিলেন। অভিযানে সেনাবাহিনীর ১৪০ জন এবং পুলিশের ১০ জন অংশ নেয়। অভিযানে কালাপাহাড়িয়ার কদমীরচর এলাকার কাশেম আলীর পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
অভিযান শেষে বিকেলে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল যোবায়ের আলম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধ কমানো এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়। অভিযানে গত বছর গণঅভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগজিন, পিস্তলের ১০টি গুলি এবং শটগানের ৫টি গুলি উদ্ধার করা হয়। এছাড়া, আটটি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চায়নিজ কুড়াল, ইলেকট্রিক স্টানগান, মাদক জব্দ করা হয়েছে। অভিযানের সময় নগদ দশ লাখ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
লে. কর্নেল যোবায়ের আরও বলেন, কালাপাহাড়িয়া এলাকাটি চারদিক থেকে মেঘনা নদী বেষ্টিত হওয়ায় ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি চরাঞ্চল। যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার বা নৌকা। যোগাযোগ দুর্গম হওয়ার কারণে দাগি অপরাধীরা এ চরাঞ্চলে আশ্রয় নিয়ে থাকে। চরাঞ্চলটিতে নানা ধরনের অপরাধের ঘটনাও ঘটেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বেই ওই চরে অভিযান চালানো হয়েছে।

