ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে জামায়াতের ভরাডুবি

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:০৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই হেরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা। এই আসনগুলোতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। অন্যদিকে দুটি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থীরা।

আসনওয়ারি ফলে দেখা যায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতের অ্যাডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট। বিএনপির নুরুল আমিনের কাছে তিনি হেরেছেন ৪৪ হাজার ২৪১ ভোটে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতের নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট। বিএনপির সরওয়ার আলমগীরের কাছে ৭৬ হাজার ৩৮৫ ভোটে হেরেছেন তিনি।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার পেয়েছেন ৩৬ হাজার ৮১৮ ভোট। এই আসনে বিএনপির মোস্তফা কামাল পাশার কাছে  ৩৫ হাজার ৭৭১ ভোটে হেরেছেন তিনি।

চট্টগ্রাম-৪ (সীতাকু-) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের আনোয়ার সিদ্দিক চৌধুরী পেয়েছেন ৯১ হাজার ৮১৭ ভোট। এই আসনে বিএনপির আসলাম চৌধুরীর কাছে ৫১ হাজার ৭৯০ ভোটে হেরেছেন তিনি। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় এ আসনের ফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১১দলীয় জোটের মাওলানা নাসির উদ্দিন মুনির পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট। বিএনপির ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে ৮৩ হাজার ৭৩২ ভোটে হেরেছেন তিনি।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে জামায়াতে ইসলামীর শাহজাহান মঞ্জু পেয়েছেন ২২ হাজার ১১৮ ভোট। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এই আসনে বিএনপির প্রার্থীর কাছে জামায়াত হেরেছে ৯০ হাজার ১১৯ ভোটে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরীর কাছে জামায়াতের এ টি এম রেজাউল করিম হেরেছেন ৫৯ হাজার ৭২৬ ভোটে।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে জামায়াতের মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট। এই আসনে বিএনপির এরশাদ উল্লাহর কাছে ৯৮ হাজার ৭০৪ ভোটে হেরেছেন তিনি।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর ডা. এ কে এম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট। এই আসনে বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ানের কাছে ৫৫ হাজার ৮৮১ ভোটে হেরেছেন জামায়াত প্রার্থী।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে জামায়াতের শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট। এই আসনে বিএনপির সাঈদ আল নোমানের কাছে ৪৬ হাজার ৯৫৭ ভোটে হেরেছেন জামায়াতের প্রার্থী।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে ৩৭ হাজার ৮৯৯ ভোটে হেরেছেন দাঁড়িপাল্লার প্রার্থী মো. শফিউল আলম। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৯১৬ ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মো. এনামুল হকের কাছে ৮১ হাজার ৩৩৮ ভোটে হেরেছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফরিদুল আলম। তিনি পেয়েছেন ২১ হাজার ৭০৬ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজামের কাছে ৯১ হাজার ১৬২ ভোটে হেরেছেন জামায়াতের মাহমুদুল হাসান। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৩০ ভোট।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেন এলডিপির ওমর ফারুক। বিএনপির জসিম উদ্দিন আহমেদের কাছে মাত্র ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে হারেন অলি আহমদের ছেলে ওমর ফারুক। এই আসনে জসিম উদ্দিন আহমেদ পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট এবং ওমর ফারুক ৭৫ হাজার ৪৬৭ ভোট।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৫০ হাজার ৫৭৭ ভোটে বিএনপির নাজমুল মোস্তফা আমিনকে হারান জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী। এই আসনে বিএনপির নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ১৬৭ ভোট। এই আসনে ১০ হাজার ৬২ ভোটে বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে হারান তিনি। এই আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।