চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাঁশি মোহন দাশ (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমল মুন্সির হাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
নিহত বাঁশি মোহন লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা এলাকার মনীন্দ্র দাশের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা মার্সা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া রওশন জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন