বহু আকাক্সিক্ষত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হতে যাচ্ছে চলতি বছরের শেষ দিকে। টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল শুক্রবার দুপুরে জাপানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি পতিত আওয়ামী লীগ সরকার উদ্বোধন করলেও সেটা চালু করতে পারেনি। ওই সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকারের সময় চালু হয়নি ব্যাপক ব্যয়ে নির্মিত এই টার্মিনাল। এরপর বিএনপি সরকারের দায়িত্ব নিয়েই দ্রুত টার্মিনালটি চালুর উদ্যোগ নেয়। কয়েক দফা বৈঠক করে জাপানিদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়েও দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. হুমায়ুন কবির জানান, চলতি বছরের শেষ দিকে টার্মিনালটি চালু করা হবে। এ সময় বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানান, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই জাপানকে দেওয়া হতে পারে টার্মিনাল পরিচালনার দায়িত্ব।
প্রসঙ্গত, আগামী সোমবার আবারও দুই পক্ষ বৈঠকে বসবে। সেদিনই আসতে পারে এ-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন