ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার মনতলা সত্রাসিয়া সমিতিঘর নামক স্থানে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে তিন নারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা এক পুরুষকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তিন নারী হলেনÑ ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) এবং তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত পুরুষের বয়স ৩৭ বছর। তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়। ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, হাসপাতালে গুরুতর আহত অবস্থায় এক পুরুষ ও এক নারীকে নিয়ে আসা হয়। এর মধ্যে পুরুষটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত নারী হাসপাতালে ভর্তি আছেন।
মুক্তাগাছা থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন