বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাহাত ম-ল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতরা হলেনÑ জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় ইয়াছিন আলী ও সুমন মোল্লাকে। এতে ঘটনাস্থলে ইয়াছিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

