ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল জেট ফুয়েল ও তেল জব্দ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:৪৫ এএম

চট্টগ্রামের পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জেট ফুয়েল, জ্বালানি তেল ও ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত সোমবার রাতে পরিচালিত এই অভিযানে প্রায় ৩২ লাখ ৩৫ হাজার টাকার তেল এবং একটি ট্রাক জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে অসাধু চক্র যাতে তেলের কৃত্রিম সংকট বা অবৈধ মজুত তৈরি করতে না পারে, সেজন্য তাদের নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় পতেঙ্গার ভিআইপি রোড-সংলগ্ন এলাকায়। সেখান থেকে আনুমানিক ২৩ লাখ ৩৫ হাজার টাকার সাত হাজার লিটার জেট ফুয়েল, ছয় হাজার লিটার ডিজেল, দেড় হাজার লিটার অকটেন এবং তেল বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ইপিজেড থানার আকমল আলী স্লুইসগেট-সংলগ্ন এলাকায়। সেখানে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকার পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। দুটি অভিযানেই কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত তেল ও ট্রাকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালানের হোতাদের আটকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালানো হবে। উপকূলীয় অঞ্চলে চোরাচালান ও অবৈধ কর্মকা- রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।