মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা কেন্দ্রীয় জামে মসজিদ সড়কটির একপাশের বড় অংশ ধসে গিয়ে ভয়াবহ মরণফাঁদে পরিণত হয়েছে। অনুন্নত মানের কাঁচামাল ব্যবহার, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যেকোনো মুহূর্তের বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
সরেজমিনে দেখা গেছে, জামে মসজিদের কাছেই সড়কটির পিচ ঢালাইয়ের উপরিভাগ ভেঙে খানাখন্দের সৃষ্টি তো হয়েছেই, সেই সঙ্গে সড়কের একপাশের একটি বিশাল অংশ ধসে পাশের খাদে বিলীন হয়ে গেছে। ধসে যাওয়া ওই বিপজ্জনক স্থানে নামমাত্র কিছু ইটের টুকরো ও রাবিশ ফেলে রাখা হয়েছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সড়কটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে, অটোরিকশা বা ইজিবাইকগুলো জীবনের ঝুঁকি নিয়ে একচিলতে জায়গা দিয়ে চলাচল করছে।
স্থানীয় ইজিবাইকচালক মো. আলতাফ হোসেন (৪৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তায় গাড়ি চালানো এখন জানের ঝুঁকি। ধসে যাওয়া জায়গায় গাড়ি পইড়া প্রায়ই এক্সেল ভাইঙা যায়, উল্টে যাওয়ার উপক্রম হয়। সারা দিনের আয় গাড়ির পার্টস কিনতেই শেষ। আমরা গরিব মানুষ, রাস্তাটা ঠিক না হইলে আমাগো না খাইয়া মরতে হইব।’
স্থানীয় বাসিন্দা সুমন খান বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে গাড়ি উল্টে খাদে পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অতিসত্বর এই দুর্ভোগের অবসান চাই।
এ বিষয়ে সিংগাইর উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া জানান, সড়কটির বর্তমান অবস্থা পরিদর্শন শেষে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন