২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত সূচি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘পরীক্ষার সময়সূচি নিয়ে আরও একবার অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরীক্ষার সময় এগিয়ে আনাতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইকে করতে। তবে ৭ তারিখে শেষ হবে রোজার জন্য। না হলে রোজার পরে চলে যায়। এখন সবাই বলছে রোজার পরে শেষ করতে। আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে। মানুষের মতামত এবং কালিকুলাম ও সিলেবাস কাভার হতে হবে। উইথআউট সিলেবাস এক্সাম (পরীক্ষা) হতে পারে না।’
এসএসসি পরীক্ষা শুধু রোজার কারণে এক মাস এগিয়ে আসছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্টেক হোল্ডাররা এতদিন মনে করেছেন রোজার আগে হোক। আমরা সিদ্ধান্ত নিয়ে রুটিনও করেছি।’ তবে ফের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরুর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এ সময় সেশনজট কমিয়ে আনার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন