× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৫৯ এএম

লোকে বলে আমেজে আছি

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৫৯ এএম

লোকে বলে আমেজে আছি

উপস্থাপনার মঞ্চ থেকে সিনেমার বড় পর্দা, সবখানেই দেখিয়েছেন তিনি নিজের কাজের দৃঢ়তা। গ্ল্যামার আর মেধার মেলবন্ধনে নুসরাত ফারিয়া অদ্বিতীয়। মোহনীয়তা আর পারফরম্যান্সে দুই বাংলা মাতানো চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া দীর্ঘ বিরতির পর ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ করেছেন ক্যারিয়ারের পঞ্চম গান। বহুল প্রতীক্ষিত ফোক-পপ ঘরানার গানটির শিরোনাম ‘লোকে বলে’। এই গানের মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুরে কণ্ঠ দিলেন এই গায়িকা। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক।

প্রকাশিত গানে ফুয়াদ আল মুক্তাদিরের জমকালো এন্ট্রি এবং পরবর্তীতে চিরচেনা গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। পুরো গানজুড়ে ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে দেখা গেছে। একদিকে রেড কার্পেট স্টাইলের ওয়ান-শোল্ডার পোশাক, অন্যদিকে উৎসবমুখর পরিবেশে লেহেঙ্গা পরে তার চেনা ছন্দের নাচের দৃশ্য। গানটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে। গানটির চোখ ধাঁধানো মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় পরিচালক বাবা যাদব।

নতুন গান থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে রূপালী বাংলাদেশকে নুসরাত ফারিয়া বলেন, ‘দারুণ সাড়া পাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করলেই সামনে শুধু ‘লোকে বলে’। বেশ ভালো লাগছে। খুব অল্প সময়ে গানটি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। ক্রমেই এর ভিউ বাড়ছে। গানটি দর্শক গ্রহণ করবে এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম। খুব ভালো লাগছে দর্শক গানটি পছন্দ করছেন, ভালোবাসছেন।’

ঈদের ছুটিতে সম্প্রতি চট্টগ্রাম নগরের একটি পার্কে গিয়েছিলেন নুসরাত ফারিয়া। মঞ্চে দর্শনার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন তিনি। অংশ নেন কুইজ খেলায়। পরে গানের তালে তালে নাচেনও। একপর্যায়ে প্রকাশিত তার ‘লোকে বলে’ গানের কয়েকটি লাইন গেয়ে শোনান। নুসরাত ফারিয়ার উপস্থিতিতে পুরো ওয়াটার পার্ক এলাকায় তৈরি হয় বাড়তি উৎসবের আমেজ। দর্শনার্থীদের অনেকেই মঞ্চের সামনে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন। কেউ ভিডিও করেন। এমনই কিছু ভিডিও নেট দুনিয়া ছড়িয়ে গেছে।

এ নিয়ে ফারিয়া বলেন, ‘স্টেজে যখন সরাসরি দর্শক প্রতিক্রিয়া দেখেছি তখন অনেক ভালো লেগেছে। তখন দুই দিন হয়েছে গানটি মুক্তি পেয়েছে। কিন্তু সেখানকার মানুষের মুখে মুখে ছিল আমার গানটি। একজন শিল্পী হিসেবে এর চেয়ে বেশি বড় পাওয়া কিছু নেই।’

নতুন গানের পরিকল্পনা জানতে চাইলে এই গায়িকা বলেন, ‘এখন ‘লোকে বলে’ আমেজে আছি। এই ভাইবটা আরও উপভোগ করতে চাই। নতুন গান নিয়ে আমার তাড়াহুড়ো নেই। এই গানের রেশ শেষ হওয়ার পর নতুন গানের পরিকল্পনা করব। তবে শিগগিরই আসবে। দর্শকদের মাঝে নতুন কিছু নিয়েই হাজির হব।’

সর্বশেষ নুসরাত ফারিয়াকে গত বছর ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা গেছে। এরপর আর তার নতুন সিনেমা মুক্তি পায়নি। সিনেমাটি সে সময় না চললেও এর ‘কন্যা’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সিনেমায় ফারিয়া ও সজলের পারফরমেন্স দর্শক পছন্দ করে।

নতুন সিনেমার খবর জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি খবর দিয়ে কাজ করতে চাই না। কাজ করে খবর দিতে চাই। তাছাড়া যেনতেনভাবে দর্শকের সামনে হাজির হতে চাই না। সবসময় স্পেশাল প্রেজেন্স নিয়ে হাজির হতে চাই, যেটা লার্জার দ্যান লাইফ হবে। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে আমার অভিনীত ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমা। তবে সিনেমাটি কবে আসবে সেটা প্রযোজনা প্রতিষ্ঠান জানে।’

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। একজন শিল্পী হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন, জানতে চাইলে এই নায়িকার সোজাসাপটা জবাব, ‘এটা লজ্জা ছাড়া আর কিছুই না।’

চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতাঙ্গনে গায়িকা হিসেবে ডেবিউ করেন নুসরাত ফারিয়া। এরপর একে একে তার কণ্ঠ ও পারফরম্যান্সে মুক্তি পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’-এর মতো সুপারহিট সব ডান্স ট্র্যাক। প্রতিটি গানই কোটি কোটি ভিউ পেয়ে শ্রোতাদের মাঝে তুমুল দর্শকপ্রিয়তা পায়।

বর্তমানে নুসরাত ফারিয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত আছে, যা দুই বাংলাতেই মুক্তি পাবে। এর মধ্যে বাংলাদেশে ‘ফুটবল একাত্তর’, কলকাতায় ‘রকস্টার’। এ ছাড়াও নাম ঠিক হয়নি এমন সিনেমাও প্রস্তুত আছে। এই গায়িকা জানিয়েছেন, তার গাওয়া আরও দুটি গান প্রস্তুত আছে। ভালো সময় দেখে তা প্রকাশ করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!