ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:৩৫ এএম

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণকারী চক্রের দুই সদস্য আরিফুল (৩০) ও সানিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শফিরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো-উত্তর বিভাগের একটি দল।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে সিআইডি জানায়, ভুক্তভোগী মানিকের (ছদ্মনাম) বাবা দীর্ঘ চার-পাঁচ বছর ধরে মালয়েশিয়ায় থেকে পরিবারের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন। গত ১১ জানুয়ারি বিকেলে ভুক্তভোগীর মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে জানানো হয়, তার বাবা মালয়েশিয়া থেকে ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। সেই টাকা গ্রহণের জন্য তাকে দক্ষিণখান থানার জয়নাল মার্কেট এলাকায় যেতে বলা হয়। মানিক সেখানে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অপহরণকারীরা তাকে কৌশলে একটি প্রাইভেটকারে তুলে মিরপুরের পল্লবীর একটি ভবনে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং তার কাছে থাকা নগদ ২০ হাজার ৫০০ টাকা ও বিকাশ অ্যাকাউন্ট থেকে সাড়ে ৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, অপহরণের বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। পুলিশি তৎপরতার বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা গত ১২ জানুয়ারি গভীর রাতে ভুক্তভোগীকে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় একটি অজ্ঞাত সিএনজিতে উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দক্ষিণখান থানার মামলা করেন।