সচিবালয়ে টেলিফোনের তার চুরির ঘটনার পর এবার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর (সচিব পদমর্যাদা) একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১৬ তলা থেকে মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যক্তিগত ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ চুরি হয়।
তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব। একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তর রয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলামের কক্ষে পিএস ইমামুল হাফিজ প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই। ওই সময় বিদ্যুৎ ছিল না। এ ছাড়া কক্ষের বাইরে লোকসমাগমও ছিল। পরবর্তীতে তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা যায়নি। নিরাপত্তাকর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সি এক ব্যক্তি কালো ব্যাগ নিয়ে দপ্তর থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগের মধ্যেই চুরি হওয়া ল্যাপটপটি ছিল। এতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিও থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

