ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

চট্টগ্রাম কক্সবাজার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৩০ এএম

দেশের তিনটি আঞ্চলিক উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া নুরুল করিম মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন। বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

অন্যদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. জসিম উদ্দিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালীর বাসিন্দা জসিম উদ্দিন ২০২০ সালে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) পদ থেকে অবসর গ্রহণ করেন।

এদিকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে এস এম শফিকুল আলম মনাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে গ্রেড-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তার কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

তিনটি প্রজ্ঞাপনেই উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। প্রজ্ঞাপনগুলোতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন।